
বাংলাদেশের ওপর দিয়ে ধেয়ে আসছে ‘আঁখি’ নামের একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয় ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
সোমবার সকালে সংস্থাটি এক ফেসবুক বার্তায় জানায়, ‘আঁখি’ একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিডব্লিউওটি বলছে, ‘আঁখি’ কোনো ঘূর্ণিঝড় নয়, তবে এটি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয়, যার শক্তি ও ভৌগোলিক পরিধি অনেক বড়। এর ফলে ঘূর্ণিঝড়-সদৃশ টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চল-সব অঞ্চলই এর প্রভাবে আসতে পারে।
সংস্থার তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই বৃষ্টিবলয় ৫ থেকে ৬ দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ার ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বৃষ্টিবলয়ের এই ধরণ বর্ষা শেষের সময় এমন টানা বৃষ্টি তৈরি করতে পারে, যা যোগাযোগ ও জনজীবনে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।