
দেশব্যাপী তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ‘ভয়েস ফর ক্লাইমেট জাস্টিস’ স্লোগানে বরগুনায় ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সামিটের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশের জন্য বিশ্বের ধনী দেশগুলোর দায় দায়িত্ব এবং জলবায়ু ন্যায় বিচার পেতে করণীয় বিষয় নিয়ে এ সামিটে বক্তব্য দেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের চেয়ারপার্সন ফারিহা অমি, ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবালের সদস্য এস এম শাহিন আলম।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সকালে অধিদফতরের ভিন্ন ভিন্ন ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সামিটের আয়োজন করে দুর্বার তারুণ্য ইয়োথ নেটওয়ার্ক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বরগুনা প্রেসক্লাব।
এ সামিটে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিয়া, বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাড. সোহেল হাফিজ এবং জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় বিশিষ্টজন।