
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই অঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, বঙ্গোপসাগরের ওপর বিরাজমান লঘুচাপ ঘণীভূত হলে এটি নিম্নচাপে পরিণত হয়ে ঝড় বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের মানুষদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।