
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এটি ধীরে ধীরে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের দক্ষিণাঞ্চলে-বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘনীভূত হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী কয়েক দিনের সম্ভাব্য আবহাওয়া
আগামীকাল বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৪ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।