
দেশের চারটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল আগামী কয়েক দিনের মধ্যে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে বৃষ্টিপাতের কারণে উজানের ঢল নামার সম্ভাবনা রয়েছে। এতে দেশের একাধিক নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, বর্তমানে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। ধরলা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী দিনে সেটিও বৃদ্ধি পেতে পারে। ফলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং যমুনা নদীর পানিও আগামী চার দিনের মধ্যে বাড়তে পারে। গঙ্গা ও পদ্মার পানি ধীরে ধীরে বাড়লেও আপাতত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এবং ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানির স্তরও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের সাঙ্গু নদীর পানি বাড়ছে, আর গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরী নদীর পানি সাময়িকভাবে কমলেও আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলে এবং উজানের ঢল বাড়লে প্লাবনের পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে নদীতীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।