ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বাস্তবে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। এমন লক্ষ্য সামনে রেখে সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়া শহরে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১ (COP31)। এতে বিশ্বের প্রায় ১৯০টি দেশের প্রতিনিধি ও বিশ্বনেতারা অংশ নিচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় কারা অর্থায়ন করবে, কীভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে সহায়তা দেওয়া হবে-এসব বিষয় এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্মেলন থেকে এমন বাস্তব ফলাফল আসা প্রয়োজন, যা মানুষ সরাসরি দেখতে ও বুঝতে পারবে। অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১-এর আলোচনা-প্রক্রিয়ার সভাপতি ক্রিস বোয়েন বলেছেন, নিঃসরণ কমানো ও জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। আগের সম্মেলনগুলোর তুলনায় এবারের সম্মেলনে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে।

এবারের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির কারণে তীব্রতর হয়ে ওঠা এল নিনো পরিস্থিতি বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাবে লাখো মানুষের প্রাণহানি এবং ট্রিলিয়ন ডলার সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা এই সীমার মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ধীরগতির কারণে সেই লক্ষ্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী হলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো এর ক্ষয়ক্ষতির সবচেয়ে বড় বোঝা বহন করছে। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে অর্থায়ন নিশ্চিত করার দাবি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বল্পোন্নত ৪৪টি দেশের আলোচনাগোষ্ঠীর সভাপতি আদাও সোয়ারেস বারবোসা বলেছেন, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখার চেষ্টা, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা কোনো রাজনৈতিক পছন্দের বিষয় নয়, বরং মানুষের বেঁচে থাকার প্রশ্ন। তাঁর মতে, প্যারিস চুক্তির বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন সুরক্ষার ওপর।

এবারের সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ু অর্থায়নে ছোট দ্বীপরাষ্ট্রগুলোর বঞ্চনা। অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, বিশ্বে উপলব্ধ মোট জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ছোট দ্বীপরাষ্ট্রগুলোর অভিযোজন কার্যক্রমে যাচ্ছে। অথচ এসব দেশের অস্তিত্বই জলবায়ু সংকটের কারণে হুমকির মুখে রয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া উন্নয়নশীল দেশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও জলবায়ু ন্যায়বিচার এবং অর্থায়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছেন। পরিবেশবাদী সংগঠন ৩৫০ ডট অর্গের পূর্ব আফ্রিকা কর্মসূচির ব্যবস্থাপক রুকিয়া খামিস বলেন, দীর্ঘস্থায়ী খরা ও ভয়াবহ বন্যায় পূর্ব আফ্রিকার মানুষ ঘরবাড়ি, জীবিকা, খাদ্য ও পানির নিরাপত্তা হারাচ্ছে। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ অনেক দেশের মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। যেসব দেশ ও জনগোষ্ঠী সংকটের জন্য সবচেয়ে কম দায়ী, তাদের ওপরই সবচেয়ে বেশি ক্ষতির বোঝা চাপানো হচ্ছে।

এদিকে এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও আলোচনায় রয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটি সম্মেলনে কোনো সরকারি প্রতিনিধি দল পাঠাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জলবায়ু নীতির বিরোধিতা করছে। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ২০ জন কংগ্রেস সদস্য আনতালিয়ায় সম্মেলনে যোগ দিতে গেছেন।

সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বিদ্যুতায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। তুরস্কের পক্ষ থেকে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব আলোচনায় আসতে পারে। বৈদ্যুতিক গাড়ি ও হিট পাম্পের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হচ্ছে। তবে এ প্রস্তাবের বিরোধিতার আশঙ্কা রয়েছে।

সম্মেলনের আয়োজক তুরস্ক হলেও জলবায়ু আলোচনার আনুষ্ঠানিক সভাপতিত্ব করবে অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে আয়োজক হওয়ার প্রতিযোগিতার পর সমঝোতার ভিত্তিতে এ ব্যবস্থা করা হয়েছে। তবে দুই দেশই কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় তাদের জলবায়ু নীতি নিয়ে সমালোচনা রয়েছে। অস্ট্রেলিয়ার ৫০০-এর বেশি বিজ্ঞানী ও জলবায়ু অধিকারকর্মী দেশটিকে নতুন কয়লাখনি ও গ্যাস প্রকল্পের অনুমোদন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিবছর প্রতিটি জনগোষ্ঠী ও অর্থনীতির ওপর আরও তীব্র হচ্ছে। তবে বিশ্বের বড় অর্থনীতিগুলোর পাশাপাশি মাঝারি ও ছোট অর্থনীতির অনেক দেশও এখন জলবায়ু পদক্ষেপকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে দেখছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবারের গ্রীষ্মে ইউরোপে তীব্র তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নেপালে হিমবাহ ধসে ভূমিধসের ঘটনায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনা জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

সব মিলিয়ে কপ৩১ সম্মেলনের সামনে বড় চ্যালেঞ্জ হলো আগের সম্মেলনগুলোর প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত কতটা আসে, তার ওপরই এবারের সম্মেলনের সাফল্য অনেকাংশে নির্ভর করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা