
প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন করা যাবে না। প্রকৃতি সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশের পরিচয় নদীকে ঘিরে। তাই নদীকে দূষণমুক্ত রাখা, গাছ ও পাহাড়কে ভালোবাসা এবং জনগণের কাছে প্রকৃতির সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দিতে হবে।
শনিবার (২৩ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই নিহিত। সাহসিকতার সঙ্গে তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তিনি আরও বলেন, তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। “এর আগে বৈষম্য ভাঙার ডাক কেউ দেয়নি”—বলেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। পরে উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠান শেষে সৈয়দা রিজওয়ানা হাসান গাজীপুরের বেলাই বিল পরিদর্শন করেন।