
পৌষ মাসের শুরুতেই নওগাঁয় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে শনিবার (২০ ডিসেম্বর) থেকে সূর্যের দেখা না মেলায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে নওগাঁয় দিন-রাত হিমেল হাওয়া বয়ে চলেছে। এর ফলে স্বাভাবিকের তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
নওগাঁর বরুণকান্দি এলাকার ভ্যানচালক জয়নাল আবেদীন বলেন, “দুই দিন ধরে শীত অনেক বেশি। ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। হাত কাঁপতে থাকে, হ্যান্ডেল ঠিকভাবে ধরা যায় না। লোকজনও কম বের হচ্ছে। তবুও পেটের দায়ে বাইরে আসতে হয়।”
বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, “আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় আজ শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকতে পারে।”