
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা ঘিরে চলমান অস্থিরতা এবং জীবন, জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর এর প্রভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে তথ্যপ্রমাণ-ভিত্তিক আলোচনা এবং টেকসই ত্রিপক্ষীয় সামাজিক সংলাপের মাধ্যমে এই খাতে শিল্প শান্তি ফিরিয়ে আনা, শ্রমিকের অধিকার রক্ষা ও প্রবৃদ্ধি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ঢাকা থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইএলও জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পর্যালোচনা সংক্রান্ত পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার খবরে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এসব ঘটনা শ্রমিক, ব্যবসা এবং শিল্প সম্পর্কের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। উত্তেজনা প্রশমনে এবং ন্যূনতম মজুরি বোর্ডকে তার ম্যান্ডেট অনুযায়ী একটি ফলাফলে পৌঁছাতে সুযোগ দেওয়ার জন্য সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ন্যূনতম মজুরি পর্যালোচনার কাঠামো হিসেবে সরকার ‘ন্যূনতম মজুরি বোর্ড’ গঠন করায় এর প্রশংসা করেছে আইএলও। সংস্থাটির মতে, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই পরামর্শ প্রক্রিয়া মজুরি নির্ধারণের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার জন্য মৌলিক। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং লাখ লাখ শ্রমিকের—বিশেষত নারীদের—কর্মসংস্থানকারী এই খাতে পর্যাপ্ত মজুরি, শোভন কর্মপরিবেশ, টেকসই প্রতিষ্ঠান ও সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখতে গঠনমূলক সামাজিক সংলাপ অপরিহার্য।
আইএলও-এর ‘ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন’ (কনভেনশন নং ১৩১) উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি এবং এর নিয়মিত সমন্বয় হতে হবে স্বচ্ছ, তথ্যপ্রমাণ-ভিত্তিক এবং নির্ভরযোগ্য উপাত্তের ওপর প্রতিষ্ঠিত। এক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির প্রভাবসহ শ্রমিক ও তাদের পরিবারের চাহিদা যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন, প্রতিষ্ঠানের স্থায়িত্ব, দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর আপেক্ষিক জীবনযাত্রার মানও বিবেচনা করা উচিত।
বিবৃতিতে বলা হয়, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নের জন্য সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) জুড়ে এবং সব অংশীদারের মধ্যে যৌথ দায়িত্বশীলতা প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয় চর্চা মজুরি পরিশোধ, শোভন কাজ এবং খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এ ছাড়া এই সংকটময় সময়ে সুষ্ঠু শিল্প সম্পর্কের সহায়ক হিসেবে সংগঠনের স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছে আইএলও।
কারিগরি সহায়তা, তথ্যপ্রমাণ তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সংলাপের মাধ্যমে মজুরি নীতি শক্তিশালী করতে বাংলাদেশ সরকার এবং মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে সহায়তা অব্যাহত রাখতে আইএলও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, একটি তথ্যপ্রমাণ-ভিত্তিক ও জেন্ডার-সংবেদনশীল ‘জাতীয় মজুরি নীতি’ গ্রহণে ত্রিপক্ষীয় অংশীদারদের সহায়তা দিতে আইএলও প্রস্তুত রয়েছে, যা মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে।