
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় তিন দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বর্ষণ। একটানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জেলার প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সকাল থেকে ভারী বৃষ্টির কারণে বরগুনা জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। বাজারগুলোতেও ক্রেতার উপস্থিতি কমেছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তি ও ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বাসসকে বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
এদিকে টানা বর্ষণে জেলার প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বাঁধসংলগ্ন এলাকার হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নিচু জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বাঁধের ভাঙন রোধে তিনটি প্রকল্প অনুমোদন হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।