ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিগারেট ছাড়াই প্রতিদিন ৯টি সিগারেটের ধোঁয়া নিচ্ছেন দিল্লির মানুষ!

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২২ নভেম্বর ২০২৬, ৪:৩৩ বিকাল

Link Copied!

সিগারেট খান না, অথচ প্রতিদিন শরীরে প্রবেশ করছে কয়েকটি সিগারেটের সমপরিমাণ ক্ষতিকর দূষণ! শুনতে অবাক লাগলেও ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের জন্য এমন বাস্তবতার চিত্র উঠে এসেছে একটি আন্তর্জাতিক বিশ্লেষণে। শহরটির বাতাসে প্রতিদিন শ্বাস নেওয়া যেন প্রায় ৯টি সিগারেট খাওয়ার সমান। কোনো কোনো দিন দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে, সেই বাতাসে শ্বাস নেওয়াকে প্রায় ১৮টি সিগারেট খাওয়ার সমপরিমাণ হিসেবে তুলনা করা হয়েছে।

২০২৬ সালের ২৫ জানুয়ারি প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। পত্রিকাটি ভারতের সরকারি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২৫ সালের শীতকালে দিল্লির বাসিন্দারা প্রতিদিন গড়ে প্রায় ৯টি সিগারেটের সমপরিমাণ বায়ুদূষণের সংস্পর্শে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭৫ দিনের তথ্য বিশ্লেষণ করা হয়। এ জন্য দিল্লির ৪০টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত ব্যবহার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ঘণ্টাভিত্তিক দূষণের তথ্য থেকে দৈনিক গড় পিএম ২.৫-এর মাত্রা হিসাব করে তা সিগারেটের সমপরিমাণে রূপান্তর করা হয়।

বিশ্লেষণে দেখা যায়, পুরো সময়ের গড় দূষণ ছিল প্রতিদিন প্রায় ৯টি সিগারেটের সমান। তবে ১৪ ডিসেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেদিন দিল্লির বাতাসে শ্বাস নেওয়াকে প্রায় ১৮টি সিগারেট খাওয়ার সমপরিমাণ হিসেবে দেখানো হয়েছে। শহরের শিল্পাঞ্চল ওয়াজিরপুরে দৈনিক গড় দূষণ ছিল প্রায় ১২টি সিগারেটের সমান।

এমনকি প্রায় এক দশক আগের দূষণের তথ্য বিশ্লেষণ করেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের উপাত্ত বিশ্লেষণ করে দৈনিক গড়ে প্রায় ৯টি সিগারেটের সমপরিমাণ দূষণের হিসাব পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘ সময় পার হলেও দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে বিশ্লেষণে উঠে এসেছে।

কীভাবে নির্ধারণ করা হয় সিগারেটের সমপরিমাণ দূষণ?

এই তুলনার মূল ভিত্তি হলো বাতাসে থাকা অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫ (PM2.5)। এসব কণার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম। মানুষের চুলের ব্যাসের তুলনায় অনেক ছোট হওয়ায় এগুলো শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এমনকি ফুসফুসের বাধা অতিক্রম করে রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের বিজ্ঞানীরা বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে সিগারেটের সঙ্গে একটি আনুমানিক তুলনামূলক পদ্ধতি তৈরি করেন।

বার্কলে আর্থের ২০১৫ সালের প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে ২২ মাইক্রোগ্রাম পিএম ২.৫-এর সংস্পর্শে এক দিন থাকাকে আনুমানিক একটি সিগারেট খাওয়ার সমপরিমাণ স্বাস্থ্যঝুঁকির সঙ্গে তুলনা করা যায়। এই পদ্ধতিতেই দিল্লির বাতাসের দূষণকে সিগারেটের সমপরিমাণে হিসাব করা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এই তুলনা দূষণের ভয়াবহতা বোঝানোর একটি আনুমানিক পদ্ধতি। এর অর্থ এই নয় যে, নির্দিষ্ট পরিমাণ দূষিত বাতাস গ্রহণ করলে শরীরের ক্ষতি ঠিক একই সংখ্যক সিগারেট খাওয়ার সমান হবে।

কেন এত দূষিত দিল্লির বাতাস?

দিল্লির বায়ুদূষণের পেছনে একাধিক কারণ কাজ করছে। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, নির্মাণকাজের ধুলা, আবর্জনা ও জৈববস্তু পোড়ানো এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া-সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

শীতকালে এই সংকট আরও তীব্র হয়। এ সময় তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি কম থাকা এবং তাপমাত্রার বিপরীত স্তরবিন্যাসের (টেম্পারেচার ইনভার্সন) কারণে দূষিত কণা ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকে। ফলে দূষণ সহজে ছড়িয়ে পড়তে পারে না। বাতাসে জমে থাকা ধোঁয়া ও ক্ষতিকর কণার কারণে তৈরি হয় ঘন ধোঁয়াশা বা স্মগ।

দ্য ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২০১৯ সালে ভারতের সরকার জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি চালু করে। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো, ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রের নির্গমন নিয়ন্ত্রণের মতো উদ্যোগ নেওয়া হলেও দূষণ পরিস্থিতির স্থায়ী সমাধান এখনো হয়নি।

দূষণে কতটা ঝুঁকিতে দিল্লির বাসিন্দারা?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, পিএম ২.৫-এর মতো সূক্ষ্ম বস্তুকণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে পৌঁছাতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে হৃদ্‌রোগ, স্ট্রোক, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। এসব দূষণকারী উপাদান শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং আগে থেকেই হৃদ্‌রোগ বা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।

দূষণের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের ২০২৫ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) প্রতিবেদনেও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের দূষণের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দিল্লির বাসিন্দারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বায়ুমানের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ করা গেলে সম্ভাব্য আয়ুর তুলনায় গড়ে ৮ দশমিক ২ বছর কম বাঁচার ঝুঁকিতে রয়েছেন। ভারতের জাতীয় বায়ুমান অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণ করা গেলে এই সম্ভাব্য আয়ু-ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ বছর।

এ হিসাব কোনো ব্যক্তির নিশ্চিত আয়ু কমে যাওয়ার পূর্বাভাস নয়; বরং দীর্ঘমেয়াদি বায়ুদূষণ কমানো গেলে জনসংখ্যার গড় আয়ুতে সম্ভাব্য উন্নতির পরিমাপ।

দূষণ কিছুটা কমলেও স্বস্তি নেই

দিল্লির দূষণ পরিস্থিতিতে কিছুটা উন্নতির তথ্যও পাওয়া গেছে। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম) ২ জানুয়ারি ২০২৬-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দিল্লির বার্ষিক গড় পিএম ২.৫-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৯৭ মাইক্রোগ্রাম। ২০২৪ সালে এই মাত্রা ছিল ১০৫ মাইক্রোগ্রাম।

অর্থাৎ আগের বছরের তুলনায় দূষণের বার্ষিক গড় কিছুটা কমেছে। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কোভিড-প্রভাবিত ২০২০ সাল বাদ দিলে ২০২৫ সালেই সর্বনিম্ন বার্ষিক গড় পিএম ২.৫ পাওয়া গেছে। তবে ২০২৫ সালের এই মাত্রাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশক মান ৫ মাইক্রোগ্রাম থেকে প্রায় ১৯ গুণ বেশি।

সব মিলিয়ে দিল্লির বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং বড় ধরনের জনস্বাস্থ্য সংকট। সিগারেট না খেলেও প্রতিদিন কয়েকটি সিগারেটের সমপরিমাণ দূষণের সংস্পর্শে থাকার এই চিত্র দেখিয়ে দিচ্ছে, দূষিত বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভেপ টানলেই হারাতে পারেন জ্ঞান! অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

যে ক্যানসারে বাঁচার আশা কম, সেই রোগেই আশার আলো নতুন ওষুধের

হিরোশিমার পারমাণবিক হামলার পরও বেঁচে ছিল যে গাছ

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দাবিতে সৌদি আরবের মুখোমুখি ১৩০ দেশ

কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ৫ হাজার ৬০০

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ক্ষতির মুখে রাজবাড়ীর আমন চাষিরা

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ৬ মাসের শিশুর

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো