
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ভেপ (ই-সিগারেট) ব্যবহারের পর জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। তাদের রক্ত ও প্রস্রাব পরীক্ষায় শক্তিশালী চেতনানাশক ওষুধ ‘ইটোমিডেট’ (Etomidate)-এর উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২০ নভেম্বর) নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ এ সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোটিনবিহীন রিফিলযোগ্য ভেপ ব্যবহারের পর তিনজন অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে আক্রান্তদের বয়স, কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে কিংবা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ইটোমিডেট একটি শক্তিশালী ও দ্রুত কার্যকর চেতনানাশক ওষুধ। বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্রোপচারের সময় সাধারণ অ্যানেসথেশিয়ার কাজে এটি ব্যবহার করা হয়। তবে অস্ট্রেলিয়ায় চিকিৎসার জন্য ওষুধটি নিবন্ধিত নয়। ভেপের মাধ্যমে শরীরে প্রবেশ করলে এর প্রতিক্রিয়া কতটা তীব্র হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য বিভাগের সতর্কতায় বলা হয়েছে, ‘স্পেস পডস’, ‘স্পেস অয়েল’, ‘কেপডস’, ‘পিউ পিউ ভেপস’ এবং ‘জম্বি ভেপস’ নামে বিক্রি হওয়া কিছু পণ্যে ইটোমিডেট থাকতে পারে। এসব পণ্যে কেটামিন, টিএইচসি এবং শক্তিশালী ওপিওয়েডজাতীয় মাদকও থাকতে পারে।
নিউ সাউথ ওয়েলস পয়জনস ইনফরমেশন সেন্টারের মেডিকেল ডিরেক্টর ডা. ড্যারেন রবার্টস জানিয়েছেন, ইটোমিডেট গ্রহণের ফলে বিভ্রান্তি, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে যাওয়া, বমি, পেশিতে খিঁচুনি এবং শরীরের অনিয়ন্ত্রিত নড়াচড়া হতে পারে। এমনকি ব্যবহারকারী অচেতন হয়ে পড়তে পারেন।
তিনি সতর্ক করে বলেন, অ্যালকোহল, ওপিওয়েড, বেঞ্জোডায়াজেপিন বা জিএইচবির মতো ঘুম ও অবসাদ সৃষ্টিকারী পদার্থের সঙ্গে ইটোমিডেট গ্রহণ করলে পরিস্থিতি প্রাণঘাতী হতে পারে।
এ ছাড়া নিয়মিত ইটোমিডেট ব্যবহারে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর ফলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে পারে। এসব হরমোন শরীরের চাপ বা স্ট্রেস মোকাবিলার প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎপাদন ব্যাহত হলে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে।
ডা. রবার্টস বলেন, নিকোটিনবিহীন ভেপে কী ধরনের উপাদান রয়েছে, তা একেক পণ্যে একেক রকম হতে পারে। তাই কোনো ভেপে কী উপাদান আছে, তা নিশ্চিত না হয়ে সেটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।
এদিকে, নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মাদক গ্রহণের পর কেউ অচেতন হয়ে পড়লে ওপিওয়েডের উপস্থিতির আশঙ্কায় নালোক্সোন (Naloxone) প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। এটি ওপিওয়েডের অতিমাত্রার প্রভাব সাময়িকভাবে প্রতিরোধ করতে পারে। তবে ইটোমিডেটের প্রভাব নালোক্সোনে কাটে না। তারপরও প্রয়োজনে এটি প্রয়োগ করা নিরাপদ।
কেউ মাদক বা ভেপ ব্যবহারের পর অস্বাভাবিক উপসর্গে আক্রান্ত হলে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া এবং অস্ট্রেলিয়ার জরুরি নম্বর ০০০-এ কল করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।