
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশ ও গাছ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হলো ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। এ সময় বন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।
অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়—ক (৬ষ্ঠ–৮ম শ্রেণি), খ (৯ম–১০ম শ্রেণি), এবং গ (একাদশ–দ্বাদশ শ্রেণি)। প্রতিটি গ্রুপে শিক্ষার্থীরা দেশীয় বনজ, ফলদ, ভেষজ ও শোভাময় মোট ২৫টি গাছ শনাক্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করে।
বিজয়ীদের তালিকা:
ক গ্রুপে প্রথম হয় শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফিয়া বিনতে জামান, দ্বিতীয় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোছা. মারিয়া আক্তার সিনহা এবং তৃতীয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান সিনহা।
খ গ্রুপে প্রথম হয় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরা মনি, দ্বিতীয় শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাজ সাহা এবং তৃতীয় হয় নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের হিলারি তাসনিম রিফা।
গ গ্রুপে প্রথম স্থান অর্জন করে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের হুমায়রা তাসনিম পূর্ণতা, দ্বিতীয় হয় সরকারি বিজ্ঞান কলেজের মো. রবিউল ইসলাম এবং তৃতীয় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রুদ্রনীল দেবনাথ।
প্রতিযোগিতা শেষে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে একটি মনোমুগ্ধকর পাপেট শো উপস্থাপন করে। দর্শকদের মধ্যে এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়ায়।
বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।