দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। দ্বীপের পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে তিন দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ এবং সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ার-ভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়া দ্বীপের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের কাপ ও স্ট্র জব্দ করা হয়। অভিযানকালে দুটি রেস্তোরাঁ থেকে পচা ও বাসি খাবার উদ্ধার করে তা মাটিচাপা দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষা এবং এসবের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।”
তিনি আরও জানান, নিবন্ধনহীনভাবে পরিচালিত হোটেল ও প্রতিষ্ঠান এবং যেসব প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেই কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহারকারীদের কাছ থেকে নিষিদ্ধ সামগ্রী জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান আরও দুই দিন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। সেন্টমার্টিনসহ পর্যটন নগরী কক্সবাজারকে পরিবেশবান্ধব, টেকসই ও ইকোলজিক্যালি সংবেদনশীল এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে।


