ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

পরিবেশবান্ধব বিকল্প পণ্য উৎপাদনে জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ । ২৫২ জন

বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২১ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত আধুনিক শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বিএফআইডিসির রাবার কাঠের পাশাপাশি দেশীয় সম্পদ ব্যবহার করে তৈরি হওয়া পরিবেশবান্ধব ও মানসম্পন্ন সামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, দক্ষ কারিগরি মান এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য—যা জনআস্থার জন্য যথেষ্ট।”

সরকার চায় সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক ও জনমুখী করতে। রিজওয়ানা হাসান বলেন, “এই খাতের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকার পরিবেশবান্ধব শিল্পের বিস্তার ঘটাতে চায়। দেশীয় সম্পদকে ব্যবহার করে টেকসই উন্নয়ন সম্ভব।”

পরিদর্শনের সময় উপদেষ্টা সংশ্লিষ্টদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত স্থান চূড়ান্ত করে কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন। তিনি বিএফআইডিসি’র প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া ও স্থান পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।