
ভারত থেকে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী এলাকায় পানিবন্দি হয়ে পড়া ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার নারায়নপুরের বিভিন্ন গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যেক পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, ডাল, আলু ও স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
খাদ্য বিতরণকালে জামায়াত নেতারা বলেন, “আমরা ত্রাণ দিতে আসিনি, ভাই হিসেবে আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে এসেছি।” অসুস্থ থাকার কারণে নুরুল ইসলাম বুলবুল সরাসরি উপস্থিত হতে না পারলেও তার পক্ষ থেকে নেতারা এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।