
পটুয়াখালীতে ঘন মেঘ ও কুয়াশায় গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো অবস্থা বিরাজ করছে। শিশিরে ভেজা রাস্তায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন।
খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। ঘন ও হিমেল বাতাসের কারণে তাপমাত্রা প্রকৃত অনুভূতিতে আরও কম মনে হচ্ছে।
ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় দিনমজুর শ্রমিক, কৃষক, রিকশা, ভ্যান ও বাস চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতকালীন সবজি চাষিরাও বড় দুশ্চিন্তায় রয়েছেন। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের মাহবুব রহমান সুখি জানিয়েছেন, গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা ও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।