ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ । ২০৬ জন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ। এই সময়ে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।