ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

পঞ্চগড়ে কনকনে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ । ১০৮ জন

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত। হিমশীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

জানা গেছে, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এতে করে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের দাপট বেড়েছে। দিনের বেলায় সূর্যের তাপ খুব একটা অনুভূত না হওয়ায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালবেলা ঠান্ডা বাতাসে অনেকেই গরম কাপড় পরে বের হচ্ছেন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ফুটপাতগুলোতে গরম কাপড়ের বেচা-কেনাও বেড়েছে।

শীতের তীব্রতায় রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে জেলার হাসপাতালগুলোতে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের দিনগুলোতে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শীতজনিত অসুস্থতা এড়াতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।