দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্র এলাকায় দুটি আবহাওয়া সিস্টেম সক্রিয় রয়েছে। তবে সরাসরি বৃষ্টিপাতের সম্ভাবনা স্থলে খুব বেশি নেই। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে শীতের উপস্থিতি বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণপূর্ব/পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস:
আজ (২৭ নভেম্বর): আংশিক মেঘলা আকাশ, সারাদেশে শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আগামীকাল (২৮ নভেম্বর): আংশিক মেঘলা, শুষ্ক, তাপমাত্রা অপরিবর্তিত।
শনিবার (২৯ নভেম্বর): আংশিক মেঘলা, শুষ্ক, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (৩০ নভেম্বর): আংশিক মেঘলা, শুষ্ক, রাতের তাপমাত্রা অপরিবর্তিত, দিনের তাপমাত্রা সামান্য কম।
সোমবার (১ ডিসেম্বর): আংশিক মেঘলা, শুষ্ক, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আবহাওয়া অধিদফতর সতর্ক করে জানায়, আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের উপস্থিতি বৃদ্ধি পাবে।


