ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় একদিনে ২.৮ ডিগ্রি কমে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে জেলা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ । ২০০ জন

একদিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। শনিবার সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের মধ্যে এই জেলার এখন পর্যন্ত সর্বনিম্ন।

স্থানীয়রা জানান, ভোর থেকেই কুয়াশায় ঢাকা চারপাশ। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুইদিন সূর্যের দেখা মিললেও আজ বিকেলেই তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের কারণে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে।

ভ্যানচালক আলম মিয়া বলেন, “গত দুইদিন শীত কিছুটা কম ছিল। আজকের শীত ও কুয়াশার কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল ১০টায় কুয়াশার কারণে পাঁচ হাত দূরে কিছু দেখা যাচ্ছে না।” হাপানিয়া এলাকার বাসিন্দা স্বপন আহমেদ জানান, সন্ধ্যার পর থেকে শীত আরও বেড়েছে এবং হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি থেকে কমে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীত আরও বাড়তে পারে।”

এদিকে ঘন কুয়াশা ও শীতের প্রকোপে জেলার মানুষ দৈনন্দিন কাজে ব্যাঘাতের সম্মুখীন হচ্ছে।