রাজধানীর উত্তরা দিয়াবাড়ী ৪ নম্বর ব্রিজসংলগ্ন ১১ নম্বর লেকপাড়ের পূর্বাংশে গ্রিন বেল্ট চিহ্নিত এলাকায় দেশের সবচেয়ে বড় মিয়াওয়াকি বন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৬ নভেম্বর) প্রায় ৫৪.৬৩ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই বনায়ন প্রকল্পের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রকল্পে মিয়াওয়াকি পদ্ধতির সঙ্গে পরিবেশবান্ধব আধুনিক নকশা সংযোজন করা হয়েছে। এখানে প্রায় ১৪ হাজার চারা রোপণ করা হবে, যার মধ্যে রয়েছে ২২৫ প্রজাতির দেশীয় ফলজ, ফুল, ঔষধি, বেরিজাত, কাঠজাত, শোভাবর্ধনকারী, কনিফার, গুল্ম ও ঝোপালো গাছ। প্রকল্পে নগর পরিবেশের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে বায়োফিলিক ধারণা এবং বায়োমিমিক্রি নীতি অনুসরণ করা হয়েছে।
প্রাকৃতিক পানি নিষ্কাশন সুবিধার জন্য বনায়ন এলাকায় কৃত্রিম পাহাড় নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দোআঁশ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, অর্গানিক সার, বোন মিল, কোকোডাস্ট, রাইস হাস্ক ও তরল সার মিশিয়ে বনের জন্য টেকসই পরিবেশ তৈরি করা হয়েছে।
এই নগর বনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জাপানের ‘শিনরিন ইয়োকু’ বা ফরেস্ট বাথিং ধারণা, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শনার্থীদের সুবিধার্থে ঢালু ও আঁকাবাঁকা পথ, ঘন বনের মধ্য দিয়ে হাঁটার করিডোর এবং লেকপাড় ঘেঁষে আরামদায়ক পদচারণার ব্যবস্থা রাখা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্ধারিত নকশা অনুযায়ী গ্রিন বেল্ট এলাকায় এই নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করছে ডিএনসিসি।


