ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

দেশের জ্বালানি নিরাপত্তায় যুক্ত হলো আরও ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ । ৬০ জন

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ডিজেল, এলএনজি ও এলপিজি নিয়ে আরও চারটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বন্দর সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বর্তমানে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে।

আগত জাহাজগুলোর মধ্যে রয়েছে—

শান গ্যাং ফা শিয়ান (SHAN GANG FA XIAN)
মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা এই জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে ‘DOJ/6’ জেটিতে অবস্থান করছে এবং ৭ এপ্রিলের মধ্যে পণ্য খালাস শেষ হওয়ার কথা রয়েছে।

গ্যাস চ্যালেঞ্জার (GAS CHALLENGER)
ভারত থেকে এলপিজি (LPG) নিয়ে জাহাজটি গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে।

গ্যাস জার্নি (GAS JOURNEY)
চীন থেকে এলপিজি নিয়ে আসা এই জাহাজটি ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে ‘CERLIE’ এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

কুল ভয়েজার (COOL VOYAGER)
নাইজেরিয়া থেকে এলএনজি (LNG) নিয়ে আসা বিশাল এই জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। এটি বর্তমানে FSRU-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জ্বালানি দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজ থেকে পণ্য খালাস শেষ হবে।

জ্বালানি আমদানিতে ধারাবাহিকতা বজায় থাকায় দেশে সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।