
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকাগুলোতেও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, সমুদ্রযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে। নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি অবস্থান করেই চলাচল করতে বলা হয়েছে।