দেশবাসী ইতিমধ্যেই ভূমিকম্পের আতঙ্কে থাকলেও এবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ংকর ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা দুর্বল নিম্নচাপটি তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সংবাদমাধ্যম ও আবহাওয়াবিদদের বরাতে জানা গেছে, নিম্নচাপটি ২৫ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি ঘনীভূত হবে এবং পরে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমও (বিডব্লিউওটি) সতর্ক করে জানিয়েছে, ২৮ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এটি মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘সেনিয়ার’।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ১–২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের কোনো উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। তবে সুনির্দিষ্ট স্থানের জন্য আরও কয়েক দিনের পর্যবেক্ষণ প্রয়োজন। বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টির তীব্রতা বৃদ্ধির আশঙ্কা সবচেয়ে বেশি।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কবার্তা জারি করেছে এবং জনগণকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


