
দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের মতে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
বুধবার (৩০ জুলাই):
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই):
সকল বিভাগেই অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (০১ আগস্ট):
ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (০২ আগস্ট):
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পূর্বাভাস (৩-৪ আগস্ট পর্যন্ত):
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে জনসাধারণকে সাবধানে চলাচল, পাহাড়ি এলাকার মানুষকে সতর্কতা অবলম্বন, কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।