
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাসের মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়—‘ঝুমুল’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এমন পূর্বাভাস দিয়েছে। শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিডব্লিউওটি তাদের ফেসবুক পেজে জানায়, ‘ঝুমুল’ একটি অত্যন্ত শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় সক্রিয় থাকতে পারে।
বৃষ্টিবলয়টির প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পাশাপাশি বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়টি মৌসুমি হওয়ায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। তবে টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা ও খালবিল প্লাবনের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে, যা মঙ্গলবার (২৭ মে) সৃষ্টি হতে পারে। এই লঘুচাপ এবং ‘ঝুমুল’ একসঙ্গে সক্রিয় থাকলে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।