
দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, আজ রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল (৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী (৯ মে) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী (১০ মে) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী (১১ মে) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে।