ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

দুর্ঘটনা কমাতে ৬ লেনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ । ৭২ জন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে রূপান্তরের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলার কেরানিহাট এলাকায় অবরোধ ও বিক্ষোভ শুরু হলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিক্ষোভকারীরা জানান, এ মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে মানুষ প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে অনেকে। বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা ব্লকেড কর্মসূচি পালন করছেন।

তাদের অভিযোগ, দেশের অন্যতম ব্যস্ত এ সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু। জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও বাঁকানো হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে। রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভকারীরা জানান, এই মহাসড়ক শুধু স্থানীয়দের জীবন–জীবিকার সঙ্গে নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন, কিন্তু সড়ক সম্প্রসারণ না হওয়ায় দুর্ঘটনা লেগেই থাকে।

এর আগে ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী আবার আন্দোলনে নেমেছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন গাড়িতে বসে থাকা যাত্রীদের দুর্ভোগ বেড়েছে; জরুরি কাজে বের হওয়া অনেকেই সময়মতো গন্তব্যে যেতে পারছেন না।