
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মধ্যপ্রচ্যের এই পর্যটক নগরীতে এ ধরনের তীব্র বৃষ্টিপাত ডিসেম্বর মাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ সৌদি আরব ও কাতারের কিছু অঞ্চলেও অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে।
সংবাদমাধ্যম দ্যা ডন নিউজ জানায়, ডিসেম্বরে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে দুবাইয়ের বিমানবন্দর কর্তৃপক্ষকে ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্ব করতে হয়েছে। শুক্রবার এমিরেটস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইট বাতিল করে। রাতভর বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে প্রতিবেশী শারজাহ’র বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
প্রভাবিত এলাকা থেকে পানি সরিয়ে নিতে কর্তৃপক্ষ ৩ শতাধিক পানি নিষ্কাশন পাম্প ব্যবহার করেছে। বন্ধ করা হয়েছে সমুদ্র সৈকত, পার্ক ও অন্যান্য পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাদের নিজ গৃহে অবস্থান করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়তে হয়েছে।
গত বছরও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইতে ব্যাপক বন্যা দেখা দেয়, যার ফলে ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
এদিকে আরব নিউজ এবং খালিজ টাইমস জানায়, সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে। কাতারের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই তুষারে ঢাকা পড়েছে এবং স্থানীয়রা সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে।
এই আকস্মিক আবহাওয়া মধ্যপ্রচ্যের শহরগুলোর চলাচল, পর্যটন এবং দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।