ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দুপুরের আগেই ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ । ২১৬ জন

সেপ্টেম্বরের শেষ প্রান্তে এসে ঢাকার আকাশে আবারও তৈরি হয়েছে বর্ষার আবহাওয়া। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ঘন মেঘ আর আর্দ্রতার কারণে চারপাশে অস্বস্তি বিরাজ করছে। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নামছে, যা নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে।

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগেই বৃষ্টি নামতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকালের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ থাকায় আবহাওয়া থাকবে আদ্র ও অস্বস্তিকর।

আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু ঢাকা নয়, সারাদেশেই আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তাই বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।