ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

দাম কমলো এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ । ১৬৫ জন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিইআরসি নতুন দর ঘোষণা করে জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা।

চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয়ে ৫০ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। তবে জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে। পাশাপাশি আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি দাম বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।