
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার প্রস্তুতিকালে পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর, নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ টিম।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কারেন্ট ও সুতার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর উদ্ধারকৃত মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই নদীতে টহল ও অভিযান চালানো হচ্ছে। এসময় কিছু জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। অভিযানকারীরা বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে হাজিরহাট এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলে।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন কেউ যেন নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান চলছে। শনিবারের অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে কোনো জেলেকে আটক করা হয়নি।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “মা ইলিশ রক্ষায় অভিযান প্রতিদিন চলমান থাকবে। কারেন্ট জাল ব্যবহার ও ইলিশ শিকারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ সংরক্ষণে প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ডের নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।