ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

তেঁতুলিয়ায় শীতের জেঁকে বসা: তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ । ৯১ জন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় গত কয়েক দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় সংলগ্ন অবস্থান হওয়ায় তেঁতুলিয়ায় উত্তরবঙ্গের অন্যান্য এলাকার তুলনায় শীত দ্রুত নামে এবং তাপমাত্রা অনেক কম থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গতকাল এখানকার তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরে সূর্য ওঠার পরে রোদ লাগায় শীত কিছুটা কমলেও সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপর হিমেল হাওয়া বইতে শুরু করলে আবার শীতের মাত্রা বেড়ে যায়।

টানা ঠান্ডা ও হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মোটরসাইকেল চালক আকতার হোসেন বলেন, “সকালে বের হলেই খুব শীত লাগে। কুয়াশা এত বেশি যে ভোরে গাড়ি নিয়ে বের হতে হলে লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।”

শীতের তীব্রতা বাড়তে থাকায় এলাকাবাসীর মধ্যে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। সামনে আরও তাপমাত্রা কমার পূর্বাভাসে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে।