
উজানের ঢল ও বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালের বন্যা সতর্কবার্তা অনুযায়ী, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টা এই অবস্থা অব্যাহত থাকতে পারে।
ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনায় সতর্কসীমার পূর্বাভাস
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা নদীর পানি সমতল আগামী তিন দিন সতর্কসীমায় থাকতে পারে। এ সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলও আগামী তিন দিন সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
উত্তরাঞ্চলের অন্যান্য নদীর অবস্থা
আত্রাই নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতলও সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস অনুযায়ী, এসব নদীর পানি বৃদ্ধির ফলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।