
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ অক্টোবর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে-
রোববার (১৯ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (২০ অক্টোবর): আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (২১ অক্টোবর): দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (২২ অক্টোবর): সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না-তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে।
সংস্থাটি নৌযান ও উপকূলীয় এলাকার অধিবাসীদের আবহাওয়ার হালনাগাদ তথ্য নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে।