পঞ্চগড়ে শীতের প্রভাব দিন দিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলায় ইতোমধ্যেই মৌসুমী শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় ২.১ ডিগ্রি কম। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছিল। তাপমাত্রা আগামী দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে।
শীতের সঙ্গে ঘন কুয়াশাও এলাকায় দেখা দিয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত মাঠ-ঘাট, গ্রামীণ এলাকা ও শহরের রাস্তাঘাট কুয়াশার সাদা চাদরে ঢেকে যাচ্ছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর হিমেল বাতাসে পথচারীরাও কাবু হয়ে পড়ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, “ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।”


