ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ও আশপাশে আংশিক মেঘলা আকাশ, ভোরে কুয়াশার আভাস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ । ৭৬ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (৭ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

এদিকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের তাপমাত্রার চিত্রে দেখা গেছে, চট্টগ্রামে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ও সর্বোচ্চ ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বনিম্ন ৭ ও সর্বোচ্চ ১৮ দশমিক ৭ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ও সর্বোচ্চ ১৭ দশমিক ৬ ডিগ্রি, সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৪ ডিগ্রি, বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ও সর্বোচ্চ ২০ দশমিক ২ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৯ ও সর্বোচ্চ ১৯ ডিগ্রি এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৯ ও সর্বোচ্চ ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে অধিদফতর।