দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দুপুর ১টার মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, নিরাপদ স্থানে অবস্থান করা এবং নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।


