ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা-র মধ্যে পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রীলঙ্কা ট্যুরিজম – মিডিয়া নেটওয়ার্কিং সেশন’। রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর Le Méridien Dhaka-র ‘কুয়াকাটা’ হলে এই আয়োজন করে Sri Lanka Tourism Promotion Bureau।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার ধর্মপাল বীরক্কোডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএলটিপিবির চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াওয়াসাম এবং Tour Operators Association of Bangladesh-এর সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান।
হাই কমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ধরনের আয়োজন দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার বিভিন্ন পর্যটন আকর্ষণ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে দেশটির বৈচিত্র্যময় গন্তব্য, বিলাসবহুল ভ্রমণ সুবিধা, পারিবারিক ভ্রমণ এবং উন্নত বিমান যোগাযোগ ও আবাসন ব্যবস্থার ওপর আলোকপাত করা হয়।
চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াওয়াসাম জানান, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বে অন্যতম নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। বাংলাদেশি পর্যটকদের জন্য এখন আরও সাশ্রয়ী প্যাকেজ ও উন্নত সেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, টোয়াব সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা, এয়ারলাইনস সংযোগ এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


