ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় দিনের বেলায় রোদের সম্ভাবনা, রাতে বাড়তে পারে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ । ১৬০ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় রোদ উঠতে পারে। সকালে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ, যা সন্ধ্যায় কমে ৩১ শতাংশে নামতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গেছে। চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সর্বনিম্ন ৭ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৩ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ও সর্বোচ্চ ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ এবং সর্বোচ্চ ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ৯ ও সর্বোচ্চ ২৩ দশমিক শূন্য ৩ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৭ দশমিক ৫ এবং সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় রোদ উঠতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।