
ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (আইপিই) ২০২৫-এর প্রথম পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঘাঁটির এয়ার অধিনায়ক, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সমাপনী অনুষ্ঠানে কারিগরি অধিবেশন ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রযুক্তিগত অগ্রগতি, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান খাতে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া সামরিক কার্যক্রমে জ্বালানি স্থিতিস্থাপকতা সংযোজনের কৌশল এবং পরিবেশবান্ধব পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এই উদ্যোগকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী এ সেমিনারের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি স্থিতিস্থাপকতা জোরদার এবং উদ্ভাবনী বিমান প্রযুক্তি গ্রহণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই আয়োজন বাহিনীগুলোর পরিবেশগত স্থায়িত্বে অবিচল নিষ্ঠা এবং ভবিষ্যৎ বিমান অভিযানের ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড অনুসরণের প্রতিফলন ঘটায়।