ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় আজও রোদ–ছায়ার খেলা, নেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ । ১২১ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি, সিলেটে সর্বনিম্ন ১৪ ডিগ্রি ও সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ডিগ্রি, বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।