
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহের পাশাপাশি সবার নজর এখন আবহাওয়ার দিকেও।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ও দুপুরের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। তবে বড় ধরনের বৃষ্টিপাত বা ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যারা ভোট দিতে বা বাইরে কাজে যাবেন, তাদের হালকা বৃষ্টির জন্য প্রস্তুত থাকা ভালো। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে।