
সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৭ মে) রাজধানীর মতিঝিল এলাকায় চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের নবম সভায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে একটি লাভজনক ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
চামড়া শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দ্রুত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক-এর প্রতিও অনুরোধ জানান শিল্পমন্ত্রী।
সভায় চামড়া শিল্পের সার্বিক উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।