
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদীতে ভাসমান অবস্থায় আনোয়ারের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ নৌ পুলিশ পরিদর্শক আতিকুল হক।
নিহত আনোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে আনোয়ার একই এলাকার জাফরের ছেলে মো. আয়াস (৩৫) কে সঙ্গে নিয়ে নাফ নদীর হেচ্ছার খাল এলাকায় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে আনোয়ার নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। সহযাত্রী আয়াস দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাননি এবং পরে বিষয়টি পরিবারকে জানান।
টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাজমা আলম বলেন, “গতকাল ভোরে মাছ শিকারের সময় বজ্রপাতে আনোয়ার নিখোঁজ হন। আজ সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।”
টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক আতিকুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।