ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জীবাশ্ম জ্বালানি ছাড়ার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান গুতেরেসের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১:১১ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য কপ৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়াকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া বাস্তবায়নে অর্থায়ন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় দিনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গুতেরেস।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে আর নিষিদ্ধ বা অসম্ভব কোনো আলোচনা হিসেবে বিবেচনা করার সময় নেই। এখন শুধু এ নিয়ে আলোচনা নয়, বরং কীভাবে এই পরিবর্তন সংগঠিত, অর্থায়ন ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণ করতে হবে।

গুতেরেসের এই বক্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এবারের জলবায়ু সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া—দুই দেশই জীবাশ্ম জ্বালানির বড় রপ্তানিকারক। সম্মেলনের দ্বিতীয় দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশের নতুন তেলক্ষেত্র আবিষ্কারের বিষয়টি উদ্‌যাপন করেন। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতির সঙ্গে দেশগুলোর বাস্তব জ্বালানি নীতির অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্মেলনে ব্রাজিলের পক্ষ থেকে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। গত বছর কপ৩০ সম্মেলনের আয়োজক হিসেবে ব্রাজিল এই রোডম্যাপ তৈরির ঘোষণা দিয়েছিল। গুতেরেস বলেন, কপ৩১ সম্মেলন শেষে এ পরিকল্পনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত থাকা প্রয়োজন।

ব্রাজিলের উপস্থাপিত পরিকল্পনায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এবং দারিদ্র্য কমাতেও ভূমিকা রাখতে পারে।

এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জলবায়ুবিষয়ক দূত জন কেরিও গুতেরেসের অবস্থানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ক্ষেত্রে রোডম্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। তবে শুধু আলোচনা বা প্রতিশ্রুতিতে কার্বন নিঃসরণ কমবে না; এর জন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

কেরি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক বাস্তবতা উপেক্ষা করে শক্তিশালী স্বার্থগোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। পরিচ্ছন্ন জ্বালানি এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় সাশ্রয়ী হওয়ায় এ পরিবর্তনের পক্ষে অর্থনৈতিক যুক্তিও স্পষ্ট।

এদিকে, জলবায়ু সম্মেলনে শুধু জ্বালানি রূপান্তর নয়, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা জোরালো হয়েছে। মঙ্গলবার ৮৮টি দেশের ৭০০টির বেশি সংগঠন কপ৩১ সম্মেলনে ‘ন্যায্য জ্বালানি রূপান্তর’ নিশ্চিত করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে।

প্রস্তাবিত এই ব্যবস্থার নাম ‘বেলেম-আনতালিয়া মেকানিজম’ (বিএএম)। এর লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন অর্থনীতিতে রূপান্তরের সময় শ্রমিক, স্থানীয় জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও জীবিকা সুরক্ষিত রাখা। একই সঙ্গে মানবাধিকার, লিঙ্গসমতা, কর্মসংস্থান এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য আগের সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশের শ্রমিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সরাসরি সহায়তা পাবে। তবে এ প্রক্রিয়া কার্যকর করার ক্ষেত্রে কিছু উন্নত দেশের অনীহা ও বিলম্বের প্রবণতা উদ্বেগজনক।

অন্যদিকে, সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু সম্মেলনগুলোর কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, এসব সম্মেলন অনেক সময় পরিবেশবান্ধব ভাবমূর্তি তৈরির আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে, অথচ প্রয়োজনীয় পরিবর্তন আসছে না।

এবারের কপ৩১ সম্মেলনে ১৯০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে ৯০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে বাস্তবসম্মত পরিকল্পনা, অর্থায়ন এবং ন্যায্য রূপান্তর নিশ্চিত করাই সম্মেলনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু