ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

জার্মানিতে তীব্র তাপদাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুলাই ২০২৬, ১১:৩২ সকাল

Link Copied!

জার্মানিতে তীব্র তাপদাহের মধ্যে নদী, লেক ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জীবন রক্ষাকারী সংস্থা জানিয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই তরুণ ও কিশোর।

প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনেক মানুষ আশপাশের নদী, লেক ও হ্রদে ভিড় করলেও, সাঁতার না জানা এবং নিরাপত্তাহীনভাবে পানিতে নামার কারণে মৃত্যুর ঘটনা বেড়েছে।

গত সপ্তাহে জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। তীব্র গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। এ অবস্থায় অনেকেই শরীর ঠান্ডা করতে জলাশয়ে নামেন।

জীবন রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েকদিনে জার্মানির জাক্সেন, নিডারজাক্সেন এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের নদী ও হ্রদে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংস্থাটি জানায়, শুধু চলতি বছরই নয়, গত বছরও পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ছিল উদ্বেগজনক। ২০২৫ সালে জার্মানিতে পানিতে ডুবে ৩৯৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়।

এদিকে, প্রায় চার দিন ধরে চলা তীব্র তাপদাহের পর দেশটির বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে এবং জনজীবনে স্বস্তি ফিরেছে। তবে জার্মান আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দিনগুলোতে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন