ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬

জানুয়ারিতে নামতে পারে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ । ১৭৬ জন

দেশজুড়ে বর্তমানে হাড়কাঁপানো শীতের দাপট চলছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি) আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এ সময়ে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কিংবা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে, যা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, চলতি জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

এ ছাড়া এই মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। এ অবস্থায় শীতজনিত দুর্ভোগ এড়াতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।