ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

জলবায়ু সংকট মোকাবিলায় এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ অন্ধকার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ । ৯৬ জন

রাজধানীতে আয়োজিত ‘ক্লাইমেট ডায়ালগ’ ও ইফতার অনুষ্ঠানে জলবায়ু ক্ষতি মোকাবিলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে এর চরম মূল্য দিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাইমেট এ্যাকশন এন্ড জাস্টিজ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ সংকটের ক্রমবর্ধমান ঝুঁকি ও সরকারের করণীয় নিয়ে গুরুত্বারোপ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়; এটি বর্তমানের কঠিন বাস্তবতা। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি এবং নগরাঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি, জনস্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে। ঢাকাসহ বড় শহরগুলোতে তাপদাহ ও জলাবদ্ধতা নতুন মাত্রা পেয়েছে, অন্যদিকে উপকূলের মানুষ বারবার ঘরবাড়ি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে।

সরকারের করণীয় প্রসঙ্গে তিনি দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, টেকসই বাঁধ নির্মাণ, নগর পরিকল্পনায় জলাধার ও সবুজায়ন সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি জলবায়ু অর্থায়নের স্বচ্ছ ব্যবহার ও স্থানীয় সরকারকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

ফাউন্ডেশনের সদস্য মঈন উদ্দিন খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন কমছে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ঋণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

আব্দুর রহমান জাহাঙ্গীর পরিবেশ সুরক্ষায় নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা জোরদার এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাশেদ উল হক সরকার বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিসরে জোরালো কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন আদায়ে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোতাহার হোসেন, এস এম রানা, মোহসিনা শাওন, জান্নাত, শর্মী খান, অভিনেতা বিলাশ ও ছলিমউল্লাহ মেজবাহসহ অনেকে।